শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ঋতুপর্ণা-সাবিনার ডাবল হ্যাটট্রিকে ভুটানে ২২ গোলের ‘ঝড়’

ঋতুপর্ণা-সাবিনার ডাবল হ্যাটট্রিকে ভুটানে ২২ গোলের ‘ঝড়’

অনলাইন ডেস্ক: ভুটান নারী ফুটবল লিগে বাংলাদেশের নারী ফুটবলারদের আধিপত্য যেন দিন দিন আরও জমাট বাঁধছে। এবারের চিত্র আরও বিস্ময়কর! বৃহস্পতিবার (১৭ জুলাই) ফুটবল প্রেমীরা প্রত্যক্ষ করলো এক অবিশ্বাস্য স্কোরলাইন—বাংলাদেশি তারকা সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমার ডাবল হ্যাটট্রিকে পারো এফসি ২২-০ গোলে উড়িয়ে দিলো ফুটসিলিং এফসিকে।

পারো এফসির হয়ে মাঠের রাজত্ব করেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। একাই প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন সাতবার! আরেক তারকা ঋতুপর্ণা চাকমা পিছিয়ে ছিলেন না একটুও—ছয়টি গোল করেছেন দারুণ ধারাবাহিকতায়।

তবে কেবল এই দুই তারকাই নয়, দলের হয়ে চারটি গোল করে আলো ছড়িয়েছেন সুমাইয়া এবং মনিকা করেছেন জোড়া গোল। প্রথমার্ধেই পারো এফসি এগিয়ে যায় ১১-০ গোলে, আর দ্বিতীয়ার্ধে গোলবন্যায় ভেসে যায় ফুটসিলিং এফসি।

বিশাল জয়ের ম্যাচে স্বাভাবিকভাবেই ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের গোল মেশিন সাবিনা খাতুন। ম্যাচ শেষে অনুভূতি জানাতে গিয়ে সাবিনা বলেন,‘গোল করছি, দল জিতছে—এই ফর্মটা ধরে রাখতে চাই। সামনে আরও বড় চ্যালেঞ্জ আছে।’

চলতি লিগে সাবিনার গোলসংখ্যা এরইমধ্যে ২০ ছাড়িয়ে গেছে, যা তাঁর দুর্দান্ত ফর্মের প্রমাণ।

ভুটান লিগে পারো এফসির হয়ে একের পর এক ম্যাচে দাপট দেখাচ্ছেন বাংলাদেশি ফুটবলাররা। গত ম্যাচেও ম্যাচসেরা হয়েছিলেন সুমাইয়া, এবার জ্বলজ্বল করলেন সাবিনা। সবমিলিয়ে ভুটানের মাঠ যেন এখন বাংলাদেশের মেয়েদের জন্য গোল উৎসবের মঞ্চে পরিণত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box