শ্রীনগরে আওয়ামী মেম্বার তাসলিমের ঘুষের রাজত্ব
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বীরতারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চারিগাঁও গ্রামের ইউপি সদস্য ও বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তাসলিম শেখের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি, মাদক সংযোগ, চাঁদাবাজি এবং হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত পাঁচ বছর ধরে ভোট চুরি করে মেম্বারের দায়িত্ব পালন করে আসছেন তাসলিম শেখ। তার শাসনামলে চারিগাঁও গ্রামের সাধারণ জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত। কোন ধরনের কাগজপত্রে তার সই নিতে গেলে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন তিনি। টাকা না দিলে টালবাহানা করে প্রয়োজনীয় কাগজ আটকে দেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, ৭জুলাই-২০২৫ তারিখে গুলনাহার নামের এক নারী তার স্বামী ফারুক খানের হয়ে ওয়ারিশ সনদে সই আনতে গেলে তাসলিম মেম্বার প্রথমে ২লাখ টাকা দাবি করেন। পরে ৫ হাজার টাকায় রাজি হয়ে সই দিলেও, সনদটি আটকে রেখে পুনরায় টাকা দাবি করেন। বিষয়টি ভুক্তভোগী মহিলা ইউনিয়ন চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ কামালের কাছে লিখিতভাবে জানালে চেয়ারম্যান তাসলিম মেম্বারকে প্যানেল মিটিংয়ে ডেকে পাঠান। কিন্তু তাসলিম মেম্বার অসুস্থতার অজুহাত দেখিয়ে সেখানে উপস্থিত হননি, বরং অভিযোগকারীদের হুমকি দিতে থাকেন।
এব্যাপারে চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ কামাল বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, উভয় পক্ষকে স্বাক্ষ্যপ্রমান নিয়ে হাজির হতে বলা হলেও এখন পর্যন্ত কেউ আসেনি। তাই অভিযোগটি নিষ্পত্তি করা সম্ভব হয়নি।





মন্তব্য করুন