
পাবনার ঈশ্বরদীতে নিজেকে সহকারী জজ পরিচয় দিয়ে এক নারীসহ থানায় এসে পুলিশি পাহারায় রাত কাটানোর চেষ্টা করতে গিয়ে এক প্রতারককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে ঈশ্বরদী থানায় এ ঘটনা ঘটে।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, আটক ব্যক্তির নাম সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী। তিনি যশোর জেলার কোতোয়ালি থানার বাগমারা গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি এক নারীকে সঙ্গে নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে উপস্থিত হয়ে নিজেকে যশোর জেলার সহকারী জজ হিসেবে পরিচয় দেন। এ সময় তিনি পুলিশি নিরাপত্তায় থানায় রাত্রীযাপনের জন্য সহযোগিতা চান।তবে তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি লক্ষ্য করলে পুলিশের সন্দেহ হয়। পরে তাৎক্ষণিকভাবে তার পরিচয় যাচাই-বাছাই শুরু করে পুলিশ। যাচাই শেষে নিশ্চিত হওয়া যায়, তিনি কোনো বিচারক নন; বরং ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।এদিকে ঘটনার সময় তার সঙ্গে থাকা নারী পরিস্থিতি আঁচ করতে পেরে দ্রুত স্থান ত্যাগ করেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে আরও জানা যায়, আটক ব্যক্তি আগে একটি ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত ছিলেন। তবে নৈতিক স্খলনের অভিযোগে তিনি চাকরি হারান।ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান বলেন, বিষয়টি নিশ্চিত হওয়ার পর ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা হাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত