
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের যুগ্ম কমিশনার মাজেদুল হকের বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ভুক্তভোগী এক তরুণী নিজেই মামলাটি দায়ের করেছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত কর্মকর্তা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে তরুণী বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ করা হয়েছে।এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তের নির্দেশে আনোয়ার নামের এক ব্যক্তি ২০০ থেকে ৩০০ জন লোক নিয়ে ভুক্তভোগীর বাড়িতে হামলা চালায়। এ সময় তার বাবাসহ পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়।মামলার বর্ণনা অনুযায়ী, ঘটনার এক পর্যায়ে ভুক্তভোগীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়। পরে তার মোবাইল ফোন ভেঙে ফেলা হয় এবং সাদা কাগজে জোর করে স্বাক্ষর নেওয়া হয়। এরপর তাকে একটি নির্জন স্থানে ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা।ভুক্তভোগী আরও দাবি করেন, প্রাণনাশের আশঙ্কা ও নিরাপত্তাহীনতার কারণে তিনি দীর্ঘদিন আনুষ্ঠানিকভাবে অভিযোগ করতে পারেননি। বিষয়টি গোপন রাখতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা মাজেদুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এছাড়া তার স্ত্রী বিলকিস বেগম ও পরিবারের অন্য সদস্যদের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।প্রসঙ্গত, মামলাটি দায়েরের পর বিষয়টি নিয়ে স্থানীয় এলাকায় আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত