
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ফিলিং স্টেশনের জন্য আনা বিপুল পরিমাণ পেট্রোল কালোবাজারে বিক্রির অভিযোগে পাম্প ম্যানেজারসহ দুইজনকে আটক করেছে প্রশাসন।বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পরে আটক দুজনকে শিবালয় থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।আটক ব্যক্তিরা হলেন— রুমী ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের ম্যানেজার এস এম বাবুল হোসেন (৫০) এবং যমুনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিলার মামুন প্রধান (৪২)।পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহিম খানের মালিকানাধীন রুমী ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের নামে বুধবার রাতে ফতুল্লায় অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপো থেকে একটি তেলবাহী লরিতে করে প্রায় সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল এবং ৯ হাজার লিটার ডিজেল আনা হয়।অভিযোগ রয়েছে, এসব জ্বালানি তেল পাম্পে আনলোড না করে পাশ্ববর্তী টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে কালোবাজারে বিক্রি করা হচ্ছিল। সেখানে যমুনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিলার মামুন প্রধানের দোকানে পেট্রোল সরবরাহ করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বিষয়টি নজরে আনে এবং ঘটনাস্থলে অভিযান চালিয়ে হাতেনাতে প্রমাণ পায়। পরে ইউএনও মনিষা রানী কর্মকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।এ সময় মামুন প্রধানের দোকান থেকে ২১ ড্রাম পেট্রোল এবং তেলবাহী লরিটি জব্দ করা হয়।এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত