শনিবার, ৭ নভেম্বর ২০২৬

গজারিয়ায় ঘোড়ার মাংস কাণ্ড: প্রধান অভিযুক্তসহ আটক ৫

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির চেষ্টার ঘটনায় মূলহোতাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ জানায়, শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে প্রধান অভিযুক্ত রাজিব শিকদার (৩৬)কে আটক করা হয়। তিনি ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামের মৃত বাবুল শিকদারের ছেলে।এর আগে বৃহস্পতিবার গজারিয়া ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের আরও চার সদস্যকে আটক করে পুলিশ। আটকরা হলেন— মাদারীপুর জেলার কালকিনির রুবেল (৩৯), নওগাঁর সৌরভ (২১), গাজীপুরের টঙ্গীর সোহেল গাজী (২১) এবং ইয়াসিন আরাফাত (২১)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল ভোরে আনারপুরা গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি চলছিল। স্থানীয়দের সন্দেহ হলে তারা সেখানে গিয়ে জবাই করা কয়েকটি ঘোড়ার মাংস এবং একটি জীবিত ঘোড়া দেখতে পান। এ সময় প্রধান অভিযুক্ত রাজিব শিকদার ও তার সহযোগী তিতাসসহ কয়েকজন একটি পিকআপ ভ্যানে করে পালিয়ে যায়।পরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় জবাই করা ঘোড়ার মাংস উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সেখানে মোট ১০টি ঘোড়া ছিল। এর মধ্যে ৯টি ঘোড়া জবাই করা হয় এবং একটি অসুস্থ ঘোড়া জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এক সংবাদ সম্মেলনে জানান, আটকরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির পরিকল্পনা করছিল।এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, “এই চক্রটি মূলত রাজিব শিকদার ও তিতাসের নেতৃত্বে পরিচালিত হতো। রাজিবকে আটক করা হয়েছে এবং পলাতক তিতাসকে গ্রেফতারের চেষ্টা চলছে। আশা করা যাচ্ছে খুব দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।”ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box