কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নে এনজিওর কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মায়ের পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যার অভিযোগে রবিউল হোসাইন রবি (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরী পাড়া পাতাবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের বাটামও জব্দ করা হয়েছে।গ্রেফতার রবিউল হোসাইন রবি ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে। নিহত মোহাম্মদ আজিম কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক দশক আগে রবিউলের মা রেহেনা বেগম প্রথম স্বামীকে ছেড়ে বাপের বাড়ি দক্ষিণ মুহুরী পাড়ায় চলে আসেন। সেখানে বসবাসের সময় তিনি মোহাম্মদ আজিমের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। সামাজিকভাবে বিয়ে না হলেও তারা দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মতো একসঙ্গে বসবাস করে আসছিলেন।রবিউলও বিষয়টি মেনে নিয়েছিলেন এবং আজিমকে বাবার মতো সম্মান করতেন বলে স্থানীয়রা জানান।মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, গত ২ এপ্রিল দুপুরে আজিমের বসতঘরের সামনে এনজিওর কিস্তির টাকা নিয়ে রবিউলের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রবিউল পাশে থাকা কাঠের বাটাম দিয়ে আজিমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।ঘটনার পর শুক্রবার দুপুরে দক্ষিণ মুহুরী পাড়া এলাকায় অবস্থানের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের বাটামসহ রবিউল হোসাইন রবিকে গ্রেফতার করে।কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





মন্তব্য করুন