রাজু হোসেন, নিজস্ব প্রতিবেদক
গাজীপুর মহানগরের পূবাইলে উল্টো পথে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি মাইক্রোবাসের চাপায় আসমা আক্তার (৩৪) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা দুই শিশু গুরুতর আহত হয়েছে।শনিবার (১১ এপ্রিল) দুপুর প্রায় ১২টার দিকে পূবাইলের মিরের বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আসমা আক্তার মহানগরের ৪২ নম্বর ওয়ার্ডের করমতলা এলাকার সাবেক ছাত্রদল নেতা আরিফ দেওয়ানের স্ত্রী।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্তানদের স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন আসমা আক্তার। এ সময় মিরের বাজার রেলক্রসিং এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকা মেট্রো-ঘ ৫৩-৯৫১৬ নম্বরের একটি দ্রুতগতির মাইক্রোবাস উল্টো পথে এসে তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই আসমা আক্তারের মৃত্যু হয়।দুর্ঘটনায় তার সঙ্গে থাকা দুই শিশু গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা ঘাতক মাইক্রোবাসটি আটক করলেও চালক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়।এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন,“খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক মাইক্রোবাসটি আমাদের হেফাজতে রয়েছে। পলাতক চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





মন্তব্য করুন