শ্রীলঙ্কা তাদের দেশে আটকে পড়া ২৩৮ জন ইরানি নাবিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। ভারত মহাসাগরের এই দক্ষিণ এশীয় দেশে তারা অবস্থান করছিলেন, কারণ একটি ইরানি যুদ্ধজাহাজ মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।শ্রীলঙ্কার উপ-প্রতিরক্ষা মন্ত্রী আরুনা জয়াসেকারা জানান, যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে উদ্ধার হওয়া ৩২ জন নাবিক এবং আরেকটি জাহাজ ‘আইআরআইএস বুশেহর’-এর আরও ২০৬ জন নাবিক মঙ্গলবার দেশ ত্যাগ করেন।তিনি বলেন, বুশেহর জাহাজ পরিচালনার জন্য কিছু নাবিক শ্রীলঙ্কায় থেকে গেছেন। তবে ২০৬ জন নাবিক উদ্ধার হওয়া দেনা জাহাজের নাবিকদের সঙ্গে যোগ দিয়ে একটি চার্টার্ড বিমানে করে দেশে ফিরে গেছেন।সরকারি সূত্র জানায়, এখনও ১৫ জন ইরানি নাবিক শ্রীলঙ্কায় অবস্থান করছেন। তারা ত্রিনকোমালি উপকূলের কাছে নোঙর করা বুশেহর জাহাজটি পরিচালনা করছেন।হামলার ঘটনায় ‘আইআরআইএস দেনা’ জাহাজটি ধ্বংস হয়ে যায়। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এতে ১০৪ জন নাবিক নিহত হন। নিহতদের মধ্যে ৮৪ জনের মরদেহ উদ্ধার করে ইতোমধ্যে ইরানে পাঠানো হয়েছে।শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে জানান, মানবিক কারণে ১৯০৭ সালের হেগ কনভেনশন অনুযায়ী বুশেহর জাহাজের নাবিকদের আশ্রয় দেওয়া হয়েছে।শ্রীলঙ্কায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা দিলখোশ বলেন, আটকে পড়া নাবিকদের প্রত্যাবাসন নিয়ে কলম্বো ও তেহরানের মধ্যে আলোচনা চলছিল।অন্যদিকে তৃতীয় ইরানি জাহাজ ‘আইআরআইএস লাভান’ প্রায় ১৮৩ জন ক্রু নিয়ে ভারতের কোচি বন্দরে আশ্রয় নেয়। পরে অপ্রয়োজনীয় অনেক ক্রুকে সেখান থেকে দেশে পাঠানো হয়।বিশ্লেষকদের মতে, আঞ্চলিক উত্তেজনার মধ্যেও শ্রীলঙ্কার এই মানবিক পদক্ষেপ দেশটির নিরপেক্ষ কূটনৈতিক অবস্থান বজায় রাখার প্রচেষ্টার অংশ।সূত্র: এএফপি





মন্তব্য করুন