ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।বুধবার (১৫ এপ্রিল) বিকেলে মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার জন্য গত মঙ্গলবার (১৪ এপ্রিল) তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।মিজানুর রহমান সোহেল জানান, বর্তমানে মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে মালয়েশিয়াতেই তার পরবর্তী চিকিৎসা কার্যক্রম চলবে। দ্রুত আরোগ্য লাভের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ মার্চ রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেখানকার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।





মন্তব্য করুন