স্টাফ রিপোর্টার | আন্তর্জাতিক
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে এবারের হজযাত্রা। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টায় ৪১৯ জন হজযাত্রীকে নিয়ে ঢাকা থেকে ছেড়ে যাবে প্রথম হজ ফ্লাইট। এর মধ্য দিয়েই চলতি বছরের হজ কার্যক্রমের সূচনা হবে।এই ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ইতোমধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। হজযাত্রীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, প্রশিক্ষণ ও আনুষঙ্গিক কার্যক্রম নিয়ে সেখানে চলছে ব্যস্ততা।ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ মুসল্লি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। হজযাত্রীদের চিকিৎসা সহায়তা দিতে ইতোমধ্যে ১৭১ সদস্যের একটি মেডিকেল টিম সৌদি আরবে পৌঁছেছে।এদিকে হজ ব্যবস্থাপনায় এবার নতুন সংযোজন হিসেবে প্রত্যেক হজযাত্রীর জন্য ‘নুসুক কার্ড’ বাধ্যতামূলক করা হয়েছে। এই ডিজিটাল পরিচয়পত্রের মাধ্যমে সৌদি আরবে হজযাত্রীরা বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।জানা গেছে, বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীরা বাংলাদেশেই তাদের নুসুক কার্ড সংগ্রহ করছেন। আর সরকারি ব্যবস্থাপনায় যাত্রীরা সৌদি আরবে পৌঁছে নিজ নিজ হোটেলের লবিতে গিয়ে কার্ড গ্রহণ করবেন।হজ মৌসুমকে সামনে রেখে প্রশাসন, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি, যাতে নির্বিঘ্নে ধর্মীয় এই গুরুত্বপূর্ণ ইবাদত সম্পন্ন করতে পারেন বাংলাদেশি হজযাত্রীরা।





মন্তব্য করুন