শনিবার, ৭ নভেম্বর ২০২৬

গণভোট বাস্তবায়নে প্রয়োজনে সংসদ ও রাজপথ একাকার হবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

গণভোটের গণরায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে প্রয়োজনে সংসদ ও রাজপথ একাকার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, ষড়যন্ত্র করে আল্লামা মামুনুল হককে সংসদে যাওয়া থেকে বিরত রাখা হয়েছে। কিন্তু রাজপথে তাকে থামানো সম্ভব নয়। তিনি বলেন, “আমরা সংসদে আছি জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের কথা বলার জন্য। আর রাজপথে আছেন মামুনুল হক ও নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রয়োজন হলে সংসদ ও রাজপথ একাকার হয়ে যাবে।”তিনি আরও বলেন, দেশের মানুষ এখন ভালো নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকটসহ নানা সমস্যায় সাধারণ মানুষ কষ্টে রয়েছে। বিরোধী দল এসব বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রেখে সরকারকে সহযোগিতা করার চেষ্টা করেছে। কিন্তু সরকার বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে।সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, সরকার বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা করছে এবং বিরোধী মত দমনে গুণ্ডা বাহিনী ব্যবহার করছে। বিচার বিভাগকেও নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।তিনি বলেন, বাংলাদেশের জনগণ নতুন করে কোনো স্বৈরতন্ত্র বা পুরোনো ফ্যাসিবাদী রাজনীতিকে প্রশ্রয় দেবে না।সরকারকে সতর্ক করে তিনি বলেন, গণভোটের রায় যদি প্রত্যাখ্যান করা হয়, তাহলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। যতদিন না সরকার জনগণের রায় মেনে নেবে, ততদিন আন্দোলন চলবে বলেও জানান তিনি।গণসমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ, জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এগারো দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box