
স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে চলমান এসএসসি পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে গিয়ে এক কলেজছাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বগুড়া জিলা স্কুল পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।আটক শিক্ষার্থীর নাম ঈশিতা আক্তার তিশা (১৮)। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং শহরের চকসূত্রাপুর এলাকার বাসিন্দা।কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টা থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি (দ্বিতীয় বর্ষ) প্রোগ্রামের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষাকেন্দ্রের ২০১ নম্বর কক্ষে পরীক্ষার্থী হিসেবে তালিকাভুক্ত ছিলেন শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুন। তবে তার পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে আসেন তার প্রতিবেশী ঈশিতা আক্তার তিশা।পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শক প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার অমিল লক্ষ্য করেন। পরে জিজ্ঞাসাবাদ করলে ঈশিতা নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করেন এবং অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টি স্বীকার করেন। এরপর কেন্দ্র কর্তৃপক্ষ তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, আটক শিক্ষার্থী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, নিপা খাতুন তার খালা হন। সেই পারিবারিক সম্পর্কের সূত্র ধরেই তিনি তার হয়ে পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন।তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে অভিযুক্ত নিপা খাতুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত