শনিবার, ৭ নভেম্বর ২০২৬

মিরসরাইয়ে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় খতিবের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

চট্টগ্রামের মিরসরাইয়ে জুমার নামাজে ইমামতি শেষ করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হাফেজ মাওলানা আমিরুল ইসলাম ফারুকী (৪৫) নামে এক খতিব।শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ওয়্যারলেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা আমিরুল ইসলাম ফারুকী উপজেলার মিঠানালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রহমতাবাদ গ্রামের বাসিন্দা। তিনি মরহুম হাফেজ মাওলানা আবু জাফর ফারুকীর দ্বিতীয় পুত্র এবং রহমতাবাদ ফারুকিয়া হাফেজিয়া মাদরাসার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বারইয়ারহাট পূর্ব হিঙ্গুলী আবুল কালাম জামে মসজিদে জুমার নামাজে ইমামতি শেষে মোটরসাইকেলে করে মিরসরাইয়ের দিকে রওনা দেন। পথে ওয়্যারলেস এলাকায় একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।ঘটনার পর জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুজ্জামান জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।নিহতের ছোট ভাই রাশেদুল ইসলাম ফারুকী জানান, আমিরুল ইসলাম ফারুকী তিন সন্তানের জনক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় নিজ বাড়ির প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box