জনমুক্তি বার্তা ডেস্ক
চট্টগ্রামের সিটি কলেজে ‘গুপ্ত রাজনীতি’ বিরোধী দেয়াল লিখনকে কেন্দ্র করে সংঘটিত হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের আয়োজিত এক বিক্ষোভ মিছিলে উত্তেজনাপূর্ণ বক্তব্য ও স্লোগানে ক্যাম্পাসে বিতর্কের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে ইবি ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক বক্তব্য রাখতে গিয়ে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন।
বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিকভাবে যদি তাদের ওপর নোংরামি বা অপপ্রচার চালানো হয়, তাহলে তারা কঠোর অবস্থান নিতে বাধ্য হবেন বলে ইঙ্গিত দেন। একই সঙ্গে তিনি বিরোধী একটি পক্ষকে উদ্দেশ্য করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার আহ্বান জানান এবং ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’র উপস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন।
সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ বন্ধের দাবি, নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করার আহ্বান এবং রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে অবস্থান।
এ সময় ইবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, অতীতের রাজনৈতিক পরিস্থিতি এবং সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, একটি পক্ষ ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টি করছে এবং শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত রয়েছে বলে অভিযোগ করেন।
অন্যদিকে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বক্তব্যে বলেন, ক্যাম্পাসে কথিত ‘গুপ্ত রাজনীতি’ এবং বিভিন্ন সংগঠনের আড়ালে রাজনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে তারা অবস্থান অব্যাহত রাখবেন। তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের স্থিতিশীলতা রক্ষায় তারা প্রতিরোধমূলক অবস্থানে থাকবেন।
এ ঘটনায় ক্যাম্পাসে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্টদের বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা-সমালোচনা।





মন্তব্য করুন