স্টাফ রিপোর্টার | ঝিনাইদহ |
সরকার রাজনৈতিক সংকট নিয়ে সংসদে সমঝোতার কথা বললেও বাস্তবে সারা দেশে ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ শহরের জোহান ড্রিম ভ্যালি পার্কের একটি অডিটোরিয়ামে জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।গোলাম পরওয়ার বলেন, ডাকসুতে প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর ভোটে নির্বাচিত নেতাদের ওপর ছাত্রদল ‘হায়েনার মতো’ হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, চট্টগ্রাম, কুমিল্লা, পাবনা ও ঈশ্বরদীসহ বিভিন্ন এলাকায় শিবির নেতাকর্মীদের ওপরও হামলার ঘটনা ঘটেছে।তিনি আরও বলেন, শিবিরকে নিয়ে মিথ্যা ফটোকার্ড ও অপপ্রচার চালানো হচ্ছে। “যারা দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে ছিলেন এবং পরে ফিরে এসেছেন, প্রকৃত অর্থে তারাই গুপ্ত,”—এ মন্তব্য করেন তিনি।জামায়াতের এই নেতা অভিযোগ করেন, সরকার ‘নোট অব ডিসেন্ট’ ইস্যুতে জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং জুলাই সনদ বাস্তবায়নে সংকট তৈরি করা হয়েছে। তিনি জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান।তিনি বলেন, “যতক্ষণ না জুলাই সনদ সাংবিধানিকভাবে অন্তর্ভুক্ত হবে, ততক্ষণ আমাদের আন্দোলন সংসদ ও রাজপথে চলবে।”নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ভোটে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে এবং এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।এ সময় বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে সরকার ও বিরোধী দলের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি ২৫ এপ্রিল মহানগর ও ২ মে জেলা পর্যায়ে ১১ দলীয় জোটের গণমিছিলে অংশ নিতে নেতাকর্মীদের আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সদস্য মোবারক হোসাইন। জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য আলী আজম মুহাম্মদ আবু বকরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মতিয়ার রহমান ও আবু তালেবসহ নেতৃবৃন্দ।





মন্তব্য করুন