
খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলার মধুপুর গ্রামে ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।শনিবার সকালে স্থানীয় বিএনপির অ্যাডভোকেট শহিদুল ইসলাম ও নেতা সাইফুল ইসলামের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নুর আলম (৫৬) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি মধুপুর গ্রামের ইকরাম শেখের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ একটি জমির ধান কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। শনিবার সকালে ওই জমিতে ধান কাটতে গেলে প্রতিপক্ষ গ্রুপ বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়।নিহত নুর আলমের চাচাতো ভাই মুকুল জানান, সকালে তারা আশরাফ শেখের জমির ধান কাটতে গেলে ইদ্রিস মোল্লার নেতৃত্বে প্রতিপক্ষ তাদের বাধা দেয়। পরে সংঘর্ষে নুর আলমসহ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নুর আলমের মৃত্যু হয়।এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন হিজমুল্লাহ সোহেল রানা (৪০), নূর শেখ (৫৫), মুসা শেখ, মফিজুর রহমান (৪৫) ও আলী হুসাইন। তারা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয়দের দাবি, ইদ্রিস মোল্লা বিএনপি নেতা শহিদুল ইসলামের অনুসারী এবং নুর আলম ও জমির মালিক আশরাফ শেখ সাইফুল ইসলামের সমর্থক হিসেবে পরিচিত। স্থানীয় আধিপত্য ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ৫ আগস্টের পর থেকে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।খুলনার জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত