নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার না দেখানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (২৬ এপ্রিল) হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু জানান, সেলিনা হায়াৎ আইভী ইতোমধ্যে ১০টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে নতুন করে আরও দুটি মামলায় তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে। এ ধরনের গ্রেপ্তার দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হলে আদালত নতুন মামলায় তাকে গ্রেপ্তার না দেখানোর নির্দেশ দেন।এর আগে গত ১৩ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি হত্যা মামলায় কারাবন্দী আইভীকে আবারও গ্রেপ্তার দেখানো হয়। সব মিলিয়ে বর্তমানে তার বিরুদ্ধে মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।উল্লেখ্য, সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং দীর্ঘদিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী রয়েছেন।গত বছরের ৯ মে ভোরে নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে তাকে কাশিমপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।





মন্তব্য করুন