শনিবার, ৭ নভেম্বর ২০২৬

রাজধানীর বাড্ডা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর বাড্ডা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মুনিরা মাহজাবিন মিমো (২৬)। তিনি বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।রোববার রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ঘটনাটিকে ঘিরে রহস্য তৈরি হয়েছে।জানা যায়, মিমো পরিবারসহ বাড্ডা এলাকায় বসবাস করতেন। ঘটনার সময় বাসার ভেতরে তার নিথর দেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।পুলিশ জানায়, মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়-এর থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।এ বিষয়ে গুলশান জোনের (বাড্ডা) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেই চিরকুটের সূত্র ধরে সংশ্লিষ্ট বিভাগের একজন শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীর এক ঘনিষ্ঠ বন্ধুকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box