স্টাফ রিপোর্টার, নড়াইল: নড়াইল শহরের পাসপোর্ট অফিস থেকে শেখহাটি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ মুলিয়া-শেখহাটি সড়ক পুনর্নির্মাণের মাত্র দুই বছরের মাথায় বেহাল অবস্থায় পড়েছে।
১০ কোটি ৯৪ লাখ ১৯ হাজার টাকা ব্যয়ে ২০২৩ সালের ডিসেম্বর মাসে শুরু হওয়া প্রকল্পের কাজ ২০২৪ সালের এপ্রিলেই শেষ হয়। কাজটি বাস্তবায়ন করে চুয়াডাঙ্গার জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেড, নড়াইলের মেসার্স ইভেন প্রাইজ এবং বি এম রফিকুল ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান।
সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গর্ত সৃষ্টি হয়েছে, কোথাও কোথাও দেবে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শেখহাটি, দেবভোগ, বাহিরগ্রাম ও মুলিয়া এলাকায় সড়কের অবস্থা সবচেয়ে খারাপ।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই অল্প সময়েই সড়কটি নষ্ট হয়েছে। তবে এলজিইডি বলছে, অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
নড়াইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর জানান, ত্রুটিকাল শেষ হওয়ায় বর্তমানে নিজস্ব তহবিল থেকে সংস্কারকাজ চলছে। ২০২৭ সালে সড়কটি বড় ধরনের সংস্কার করা হবে বলেও তিনি জানান।





মন্তব্য করুন