
স্টাফ রিপোর্টার, যশোর |
যশোরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের ব্যানারে রাতের আঁধারে মিছিল করার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচ সাবেক সংসদ সদস্যসহ প্রায় ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা দায়ের করেন।মামলায় ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন—যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য রণজিৎ রায় ও তার ছেলে রাজীব রায়, যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং তার ছেলে সুপ্রিয় ভট্টাচার্য শুভ, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম, যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াকুব আলীসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এছাড়া আসামিদের তালিকায় আরও রয়েছেন যশোর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফন্টু চাকলাদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম রেন্টু চাকলাদারসহ স্থানীয় পর্যায়ের একাধিক নেতা।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন আজিজ সিটি রোড এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিতে থাকে। এ সময় তারা মোমবাতি ও হারিকেন জ্বালিয়ে মিছিল করে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে সংগঠনের মূল অর্থ জোগানদাতা ও নেতৃত্বদানকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকিরা সংগঠনের সক্রিয় সদস্য বলে দাবি করা হয়েছে।পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে এ মামলা করা হয়েছে। ইতোমধ্যে ২৯ এপ্রিল রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত