
মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি, নরসিংদীঃ
নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অদ্য ৫ মে ২০২৬ ইং, মঙ্গলবার সকালে বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি দামী ইয়ামাহা মোটরসাইকেলসহ মোট তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।জানা যায়, মাধবদী থানার পাঁচদোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো—১/ শিবপুর থানার কারারচর গুপ্তপাড়া এলাকার মোঃ চাঁন মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম বাবু (২৩)।২/ মাধবদী থানার পাঁচদোনা (বেপারী পাড়া) এলাকার মোঃ সেলিম মিয়ার ছেলে মোঃ ইমরান হোসেন (২১)।জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুকের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মোবারক হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করেন।উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি সদর মডেল থানার দগরিয়া এলাকা থেকে প্রায় ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি ম্যাট ব্লু রঙের ইয়ামাহা এফজেড (১৫০ সিসি) মোটরসাইকেল চুরি হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য সকালে পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধারসহ দুইজন চোরকে গ্রেপ্তার করা হয়।পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচদোনা জব্বার টাওয়ারের সামনে চোরাই মোটরসাইকেল বেচাকেনার সময় পুনরায় অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর চক্রের আরও ৪/৫ জন সদস্য দুটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ফেলে যাওয়া মোটরসাইকেল দুটি জব্দ করে।জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত