শনিবার, ৭ নভেম্বর ২০২৬

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: হাসান এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: হাসান এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোড এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন এবং অনুমোদনহীন ক্ষতিকর শিশু খাদ্য মজুদ ও বিক্রির প্রমাণ পাওয়ায় ‘হাসান এন্টারপ্রাইজ’-এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অভিযুক্ত প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।

অভিযানকালে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন এবং অনুমোদনহীন শিশু খাদ্য জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি নিয়মিত তদারকির অংশ হিসেবে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

এ সময় ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয় এবং ব্যবসায়ীদের ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চাঁদপুর জেলা শাখার সদস্য মো. বিপ্লব সরকার সার্বিক সহযোগিতা প্রদান করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
ট্যাগ:Janomukti Barta

মন্তব্য করুন

Facebook Comments Box