
বিশেষ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নে কর্মরত ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. সাজ্জাতুল হককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বাক্ষর জাল, ভুয়া নামজারি, হোল্ডিং খোলা এবং ঘুস–দুর্নীতিসহ গুরুতর অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই শাস্তি দেওয়া হয়।ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী (এনডিসি) স্বাক্ষরিত অফিস আদেশে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, তিনি সরকারি কোনো আর্থিক সুবিধা বা বকেয়া প্রাপ্য হবেন না।অভিযোগ অনুযায়ী, সাজ্জাতুল হক জামালপুর পৌর ভূমি অফিসে কর্মরত থাকাকালে ২০২৩ সালে এসিল্যান্ড শিহাবুল আরিফ, সার্ভেয়ার নূর-এ-আহম্মেদ এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইমান আলীর স্বাক্ষর জাল করে ভূমি নামজারি ও ডি.সি.আর-এর মাধ্যমে হোল্ডিং খোলার মতো অনিয়মে জড়িত ছিলেন। একই সঙ্গে সেবা গ্রহীতাদের কাছ থেকে প্রকাশ্যে ঘুস গ্রহণের অভিযোগও তার বিরুদ্ধে ওঠে, যা নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক, জামালপুর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা (০৪/২০২৪) রুজু করেন। ব্যক্তিগত শুনানিতে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় তদন্তের জন্য জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক চৌধুরী বিশ্বনাথ আনন্দকে দায়িত্ব দেওয়া হয়।তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তদন্ত কর্মকর্তা গত বছরের ৭ ডিসেম্বর প্রতিবেদন দাখিল করেন। পরে ১২ জানুয়ারি জেলা প্রশাসকের পক্ষ থেকে গুরুদণ্ড প্রদানের সুপারিশসহ বিভাগীয় কমিশনার বরাবর প্রস্তাব পাঠানো হয়।পরবর্তী পর্যায়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাকে ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতিপরায়ণ’ হিসেবে দোষী সাব্যস্ত করা হয়। একই বিধিমালার আওতায় তাকে চাকরি থেকে অপসারণের গুরুদণ্ড প্রদান করা হয়।এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন জানান, বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বরখাস্তের আদেশ পাওয়া গেছে। অফিস খুললে প্রয়োজনীয় ফাইলপত্র বুঝে নিয়ে পরবর্তী প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করা হবে।অন্যদিকে অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত