শনিবার, ৭ নভেম্বর ২০২৬

প্রেমের সম্পর্কের অভিযোগে ছাত্রশিবির নেতা জিসান প্রধান বহিষ্কার

কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার পর উদ্ধার হওয়া ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। প্রেমের সম্পর্কের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ।শনিবার (১৩ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।এস এম ফরহাদ তার পোস্টে উল্লেখ করেন, শুক্রবার রাতে পুলিশ জিসান প্রধানকে উদ্ধারের পর থেকে শনিবার দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ছাত্রশিবিরের কোনো প্রতিনিধিদল কিংবা তার পরিবারের সদস্যরা তার সঙ্গে কথা বলার সুযোগ পাননি। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। ফলে নিখোঁজ বা অপহরণের ঘটনা সম্পর্কে তার নিজস্ব বক্তব্য জানা সম্ভব হয়নি। এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশের বক্তব্য ছাড়া অন্য কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র সংগঠনের কাছে নেই বলেও জানান তিনি।এদিকে, জিসান প্রধানের বিরুদ্ধে মামলা দায়েরকারী বিধবা নারী লিজা আক্তারের পরিবারের পক্ষ থেকেও কিছু অভিযোগ তোলা হয়েছে। ফরহাদের পোস্ট অনুযায়ী, লিজা আক্তারের বড় বোন দাবি করেছেন, শুক্রবার বিকেলে ১৫ থেকে ২০ জন পুলিশ বা প্রশাসনের সদস্য তাদের বাড়ি থেকে লিজাকে নিয়ে যান। সে সময় পরিবারের অন্য সদস্যদের তার সঙ্গে যেতে দেওয়া হয়নি।সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, লিজা আক্তার ও তার বাবাকে পুলিশি হেফাজতে পৃথকভাবে রাখা হয়েছে এবং তাদের সঙ্গে পরিবারের সদস্যদের কোনো যোগাযোগ সম্ভব হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তবে বিষয়টির প্রকৃত ঘটনা জানতে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্য এবং তদন্তের ফলাফলের দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box