ঢাকা: বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অধস্তন আদালতে আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউ (MCQ) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।শুক্রবার (১২ জুন) রাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতে এ তথ্য নিশ্চিত করেন জাইমা রহমান। তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। আমার দেশে আইন প্র্যাকটিসের জন্য আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।”জানা গেছে, এবারের পরীক্ষায় জাইমা রহমান রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে অংশগ্রহণ করেন। শুক্রবার অনুষ্ঠিত ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় দেশের বিভিন্ন কেন্দ্র থেকে মোট ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ২০১ জন।বাংলাদেশে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়ায় এমসিকিউ, লিখিত এবং মৌখিক—এই তিনটি ধাপ সফলভাবে সম্পন্ন করতে হয়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে জাইমা রহমান এখন পরবর্তী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন।উল্লেখ্য, জাইমা রহমান যুক্তরাজ্যের Queen Mary University of London থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি The Honourable Society of Lincoln’s Inn থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন।বার কাউন্সিলের প্রকাশিত ফলাফলে তার উত্তীর্ণ হওয়ার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে অনেকেই শুভকামনা জানিয়েছেন। এখন লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির পরবর্তী ধাপগুলো সম্পন্ন করার অপেক্ষায় রয়েছেন তিনি।





মন্তব্য করুন