শনিবার, ৭ নভেম্বর ২০২৬

হাসনাত আবদুল্লাহকে ঘিরে লন্ডনে উত্তেজনা, ডিম নিক্ষেপ ও হাতাহাতির ঘটনায় তিনজন আটক

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সভাস্থল ও এর আশপাশে বিক্ষোভ, ডিম নিক্ষেপ এবং হাতাহাতির ঘটনায় অন্তত তিনজনকে আটক করেছে লন্ডন পুলিশ।সোমবার (স্থানীয় সময়) ইস্ট লন্ডন মসজিদ-সংলগ্ন মায়েদা গ্রিল রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।আয়োজক সূত্রে জানা যায়, সভা শুরুর আগেই অনুষ্ঠানস্থলের বাইরে যুক্তরাজ্যপ্রবাসী আওয়ামী লীগের নেতা-কর্মী ও সহযোগী সংগঠনের সদস্যরা বিক্ষোভ শুরু করেন। একই সময়ে এনসিপির কর্মী-সমর্থকরাও সেখানে অবস্থান নেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে এনসিপির কর্মী-সমর্থকদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পরে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে পৌঁছান। সেখানে তিনি বক্তব্য দেন এবং অনুষ্ঠান শেষে পুলিশি নিরাপত্তায় স্থান ত্যাগ করেন।স্থানীয় সূত্র জানিয়েছে, সভাস্থল এলাকায় সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির ঘটনায় অন্তত তিনজনকে আটক করেছে লন্ডন পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে হাতকড়া পরিহিত অবস্থায় পুলিশ ভ্যানে তোলা হচ্ছে বলে দেখা যায়। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে বা তাদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীরা এলেম পার্ক এলাকায় হাঁটার সময় কয়েকজন ব্যক্তি তাদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করেন। একপর্যায়ে তারা পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। এ সময় তাদের সঙ্গে থাকা কয়েকজনের দিকে ডিম নিক্ষেপ করা হয়।ভিডিওতে আরও দেখা যায়, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের গায়ে ডিম লাগে। পরে তার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।ঘটনার পর এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতি প্রকাশ করে দাবি করেছে, স্থানীয় সময় সোমবার বিকেলে এলেম পার্ক এলাকায় হাসনাত আবদুল্লাহ ও এহতেশামুল হকের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু কর্মী পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি ও উসকানিমূলক আচরণের চেষ্টা করেছে।বিবৃতিতে এসব কর্মকাণ্ডকে ‘কাপুরুষোচিত’ এবং ‘পূর্বপরিকল্পিত উসকানির অংশ’ হিসেবে উল্লেখ করা হয়। সংগঠনটির দাবি, ভয়ভীতি প্রদর্শন, রাজনৈতিক অসহিষ্ণুতা এবং ভিন্নমত দমনের সংস্কৃতি থেকে আওয়ামী লীগ এখনো বেরিয়ে আসতে পারেনি।বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের জনগণ জুলাই বিপ্লবের মাধ্যমে এ ধরনের রাজনৈতিক সংস্কৃতিকে প্রত্যাখ্যান করেছে। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অবজ্ঞা, বিরোধী মতের প্রতি অসহিষ্ণুতা এবং ক্ষমতার অহংকারই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল।তবে এ অভিযোগের বিষয়ে যুক্তরাজ্যে আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং বিষয়টি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box