শেরপুর শহরের চাপাতলী এলাকায় একটি রাইস প্রসেসিং মিলে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে মোট ৩৩ টন ১০০ কেজি চাল উদ্ধার করা হয় এবং এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে মিলের ভেতর থেকে ব্যবসায়ী বোরহান উদ্দিন (৩২) কে আটক করা হয়। তিনি শহরের কসবা কাঠগড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।পুলিশ জানায়, তথ্য ছিল—৩০ কেজির সরকারি বস্তার চাল অবৈধভাবে অন্য বস্তায় স্থানান্তর করে মজুদ করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মিল থেকে বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার করা হয়।অভিযান পরিচালনা করেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। তবে এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যবসায়ী বোরহান উদ্দিনের বিরুদ্ধে এর আগেও সরকারি চাল সংক্রান্ত অনিয়ম ও কারসাজির অভিযোগ রয়েছে।শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, জব্দ করা চাল কীভাবে মিলটিতে এল এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





মন্তব্য করুন