স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার পলাশবাড়ীতে ‘এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি’ স্থাপনের উদ্যোগ এবং হিন্দুদের জন্য ‘আলাদা প্রদেশ’ সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালী চক্রবর্তীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।রোববার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এ দাবি জানান।বিবৃতিতে বলা হয়, চৈতালী চক্রবর্তীর সাম্প্রতিক বক্তব্য রাষ্ট্রের অখণ্ডতা ও সার্বভৌমত্বের পরিপন্থী এবং তা জনমনে উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এ ধরনের বক্তব্যকে তারা উসকানিমূলক ও বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করেন।হেফাজত নেতারা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কোনো ধরনের বিভাজনমূলক বক্তব্য গ্রহণযোগ্য নয়। এমন বক্তব্য সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্যের জন্য হুমকি তৈরি করতে পারে বলে তারা মন্তব্য করেন।বিবৃতিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আলেম-উলামা ও সাধারণ জনগণের ভূমিকা রয়েছে। এই প্রেক্ষাপটে বিভ্রান্তিকর বা উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে নতুন করে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয়।সংগঠনটি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং একই সঙ্গে বার কাউন্সিলের মাধ্যমে সংশ্লিষ্ট আইনজীবীর সনদের বিষয়টি পর্যালোচনা করা হোক।তারা আরও বলেন, জাতীয় নিরাপত্তা ও সামাজিক শান্তি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টিকারী কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।





মন্তব্য করুন