নিজস্ব প্রতিবেদক, সাঘাটা (গাইবান্ধা):
গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্কুল পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সংঘটিত হামলায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী নিহত এবং শিবিরকর্মী সালাউদ্দিন গুরুতর আহত হওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয়রা ও ছাত্রশিবির নেতাকর্মীরা।রোববার সন্ধ্যায় সাঘাটা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।এদিকে হামলায় গুরুতর আহত শিবিরকর্মী সালাউদ্দিন বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তাকে ইতোমধ্যে চার ব্যাগ রক্ত দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে আরও রক্তের ব্যবস্থা করতে হতে পারে।পারিবারিক সূত্র জানায়, ধারালো অস্ত্রের আঘাতে সালাউদ্দিনের পিঠের ডান পাশে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে। আঘাতের প্রভাব ফুসফুসে পৌঁছেছে কি না, তা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। তার অবস্থার উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বাবা মাওলানা মোহাম্মদ দুদু মিয়া।ঘটনাটি ঘিরে এলাকায় শোক, ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





মন্তব্য করুন