শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ঘুষ লেনদেনের অভিযোগে ভৈরবে অডিট কর্মকর্তা আটক, এলাকায় চাঞ্চল্য

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে ঘুষ গ্রহণের অভিযোগে হিসাবরক্ষণ অফিসের সদ্য পদোন্নতিপ্রাপ্ত অডিট কর্মকর্তা হৃদয় মিয়াকে আটক করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে ঘুষের টাকা লেনদেনের সময় তাকে হাতেনাতে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গজারিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক প্রকল্পসংক্রান্ত একটি ফাইলের অর্থ ছাড়ের প্রক্রিয়াকে কেন্দ্র করে ঘুষের টাকা লেনদেনের অভিযোগ ওঠে। এ সময় ডিজিএফআইয়ের এক কর্মকর্তা অভিযান চালিয়ে হৃদয় মিয়াকে আটক করেন। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নেওয়া হয়।অভিযোগ রয়েছে, বিভিন্ন ফাইল নিষ্পত্তি ও অনুমোদনের ক্ষেত্রে অর্থ দাবি করা হচ্ছিল। গজারিয়া ইউনিয়ন পরিষদের সচিব প্রদীপ চন্দ্র দাস দাবি করেন, একাধিক ফাইলের কাজ সম্পন্ন করার জন্য তার কাছে ঘুষ দাবি করা হয়েছিল। দাবিকৃত অর্থের একটি অংশ দেওয়ার সময় ওই ঘটনা ঘটে।তবে অভিযোগ অস্বীকার করেছেন অডিট কর্মকর্তা হৃদয় মিয়া। তার দাবি, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তিনি বলেন, অফিসে প্রবেশের সময় করমর্দনের ছলে তার হাতে টাকা ধরিয়ে দেওয়া হয় এবং পরে সেটিকে ঘুষের ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে।এদিকে ভৈরব উপজেলা হিসাবরক্ষণ অফিসে ফাইল অনুমোদন ও সইয়ের বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগ নতুন নয় বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। সাম্প্রতিক এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনার বিষয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সোহেল মিয়া বলেন, তিনি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন। অভিযোগের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।ঘটনার সত্যতা যাচাই ও পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box