দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পে বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে। টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন প্রকল্প সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্যের সঙ্গে অর্থ লেনদেন এবং কমিশন নির্ধারণের একটি ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।প্রায় ৪ মিনিট ৪৭ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে দেখা যায়, বিভিন্ন প্রকল্পের বরাদ্দের পরিমাণ হিসাব করে কমিশনের অঙ্ক নির্ধারণ করছেন অভিযুক্ত কর্মকর্তা। এক পর্যায়ে একটি প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ হারে কত টাকা কমিশন দিতে হবে, তা ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করতে দেখা যায়।ভিডিওর একটি অংশে এক ইউপি সদস্য কমিশনের পরিমাণ কমানোর অনুরোধ জানালে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাকে জবাব দিতে শোনা যায়। অন্য একটি অংশে বিভিন্ন প্রকল্পের বরাদ্দের বিপরীতে নির্দিষ্ট অঙ্কের কমিশনের কথা উল্লেখ করা হয়। এছাড়া ভিডিওতে কয়েকজনকে নগদ অর্থ গুনতে এবং ফাইলের সামনে টাকা রাখতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা যথাযথভাবে কাজ সম্পন্ন না করেই বিল উত্তোলনের চেষ্টা করছিলেন। সেই প্রেক্ষাপটেই কথোপকথন হয়েছে এবং বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে।এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা বলেন, অভিযোগের বিষয়টি তার নজরে এসেছে। জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।ঘটনাটি নিয়ে স্থানীয় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।





মন্তব্য করুন