স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদে এক ব্যতিক্রমী ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বিশেষ উপহারকে কেন্দ্র করে। সোমবার সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সংসদ সদস্য ও মন্ত্রীদের জন্য মৌসুমি ফলের উপহার পাঠান তিনি।সংসদ সূত্রে জানা গেছে, স্পিকার, মন্ত্রিসভার সদস্য, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের পাশাপাশি সংসদ সচিবালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীর কাছেও উপহারের প্যাকেট পৌঁছে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল প্রিমিয়াম মানের আম।সকালে সংসদ ভবনের বিভিন্ন করিডোরে উপহারের প্যাকেট নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়। পরে জানা যায়, বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে পাঠানো এসব প্যাকেটে মৌসুমি ফল হিসেবে আম রাখা হয়েছে। তার কার্যালয়ের প্রতিনিধিরা সুশৃঙ্খলভাবে সংসদের বিভিন্ন দপ্তরে গিয়ে উপহারগুলো বিতরণ করেন।সংশ্লিষ্টরা জানান, উপহার বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হয়নি। সংসদের উচ্চপদস্থ ব্যক্তিদের পাশাপাশি ঝাড়ুদার, পিয়ন, লিফটম্যান, গাড়িচালকসহ চতুর্থ শ্রেণির কর্মচারীরাও এই উদ্যোগের আওতায় ছিলেন।সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তা বলেন, বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ডা. শফিকুর রহমান মানবিক ও ব্যতিক্রমী নানা উদ্যোগ গ্রহণ করে আসছেন। সোমবারের এই উপহার বিতরণও সংসদের সব স্তরের মানুষের প্রতি সৌহার্দ্য, সম্মান ও সম্প্রীতির বার্তা বহন করে।তাদের মতে, এটি শুধু একটি উপহার বিনিময়ের ঘটনা নয়; বরং সংসদের সকল পর্যায়ের মানুষের অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবেও বিবেচিত হচ্ছে।





মন্তব্য করুন