চাঁদপুর প্রতিনিধি:
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে স্ত্রীর ফোনকলের ভিত্তিতে অভিযান চালিয়ে এক আইনজীবীকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) পুলিশ হেডকোয়ার্টার্সের জরুরি সেবার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।প্রাপ্ত তথ্য অনুযায়ী, চাঁদপুর সদর থেকে করা ফোনকলে এক নারী জানান, তার স্বামী নিয়মিত মাদক সেবন করেন এবং তাকে প্রায়ই মারধর করেন। ওই সময় তিনি বাসায় বসে মাদক সেবন করছিলেন এবং তার কাছে মাদক রয়েছে বলেও অভিযোগ করেন।ফোন পাওয়ার পর ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি চাঁদপুর সদর থানাকে জানানো হয় এবং দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। কলটি গ্রহণ করেন কলটেকার কনস্টেবল রেদোয়ানুর রহমান এবং ঘটনাটি সমন্বয় করেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই রাজু মিয়া।পরে চাঁদপুর সদর থানার এসআই আব্দুল আলীম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সদর উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের রেলওয়ে কাঁচা কলোনির একটি বাসা থেকে আইনজীবী মোহাম্মদ এমরান (৪৫)-কে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।





মন্তব্য করুন