সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় ২০২২ সালের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় সংঘটিত সহিংসতা ও অস্ত্র ব্যবহারের ঘটনায় আলোচিত যুবলীগ নেতা মো. হাছান মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার খাগড়িয়া ইউনিয়নের গণিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া হাছান মাহমুদ চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে অবস্থানরত অবস্থায় তাকে গ্রেফতার করে।পুলিশের দাবি, হাছান মাহমুদের বিরুদ্ধে সাতকানিয়া, চান্দগাঁও ও কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা রয়েছে।প্রসঙ্গত, ২০২২ সালের খাগড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় নৌকা প্রতীকের প্রার্থী আকতার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র হাতে কয়েকজনের ছবি ছড়িয়ে পড়ে, যা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।তদন্ত সংশ্লিষ্টদের মতে, ওই সংঘর্ষে ব্যবহৃত অস্ত্র সরবরাহের সঙ্গে হাছান মাহমুদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”তিনি আরও জানান, খাগড়িয়া নির্বাচনি সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।গ্রেফতারকৃত হাছান মাহমুদকে মঙ্গলবার (২৩ জুন) আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।





মন্তব্য করুন