শনিবার, ৭ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা, আতঙ্ক

চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা, আতঙ্ক

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় প্রকাশ্যে গুলি করে মো. আজাদ (২৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ জুলাই) বিকেলে ব্যস্ত সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত আজাদ পাঁচলাইশ থানার হামজারবাগ হাকিম শাহ হুজুরের বাড়ি এলাকার বাসিন্দা রশীদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফরেস্ট গেইট এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ পেছন থেকে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একাধিক গুলিতে তিনি রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়েন। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আজাদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে গুলিবিদ্ধ অবস্থায় আজাদকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

চমেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”

হত্যার কারণ এবং হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
ট্যাগ:Janomukti Barta

মন্তব্য করুন

Facebook Comments Box