নিজস্ব প্রতিবেদক
চলচ্চিত্র নির্মাতা ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের পর জুলাই গণঅভ্যুত্থানই বাংলাদেশের মানুষের ইতিহাসে সবচেয়ে বড় ‘রেডলাইন’।বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “কিছু কিছু ক্ষেত্রে রেডলাইন ক্রস করা তো দূরের কথা, স্পর্শও করা উচিত নয়। একাত্তর আমাদের সবচেয়ে বড় রেডলাইন। এর পরেই এই দেশের মানুষের ইতিহাসের সবচেয়ে বড় গণঅভ্যুত্থান—জুলাই। এটিও আমাদের আরেকটি রেডলাইন।”ফারুকী বলেন, জুলাই কেবল সরকার পরিবর্তনের ঘটনা ছিল না; এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণের সবচেয়ে বড় রায়। তার ভাষ্য, মূলধারার রাজনীতিবিদরা যদি এ বিষয়টি অনুধাবন করতে ব্যর্থ হন, তবে তা দেশের রাজনীতির জন্য উদ্বেগের বিষয়।নিজের পোস্টে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের অবস্থানের প্রশংসা করেন। তিনি লেখেন, জুলাই প্রশ্নে স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য ছাত্রদলকে সাধুবাদ জানানো উচিত।ফারুকীর মতে, যে প্রজন্ম জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের শক্তি, সংখ্যা ও নেটওয়ার্ক সম্পর্কে অনেকেই এখনো সঠিকভাবে মূল্যায়ন করতে পারছেন না। তিনি বলেন, “এই প্রজন্মের আকাঙ্ক্ষা যারা বুঝতে পারবে, তারাই আগামীর রাজনীতি নির্মাণ করবে। আর যারা বুঝতে ব্যর্থ হবে, তারা রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে দেউলিয়া হয়ে পড়বে।”পোস্টের শেষাংশে তিনি লেখেন, “লিখে রাখতে পারেন আমার এই কথাটা।”উল্লেখ্য, সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক বক্তব্য প্রকাশ্যে সমালোচনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।





মন্তব্য করুন