শনিবার, ৭ নভেম্বর ২০২৬

মিয়ানমার থেকে ফেরার পথে ১২ লাখ টাকার বেশি নগদসহ দুইজন আটক, পাচারের কথা স্বীকার

মিয়ানমার থেকে ফেরার পথে ১২ লাখ টাকার বেশি নগদসহ দুইজন আটক, পাচারের কথা স্বীকার

কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমারে বাংলাদেশি পণ্য পাচার করে দেশে ফেরার সময় ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা নগদ অর্থসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা সীমান্ত দিয়ে সার ও ভোজ্যতেল পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার পূর্ব ফারির বিল গ্রামের বাসিন্দা মোহাম্মদ আফসার উদ্দিন (২৮) এবং লোকমান হাকিম (২৯)।

রোববার (১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।

বিজিবি সূত্র জানায়, দুপুরে উখিয়ার পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহলের সময় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব ফারির বিলের গুইল্লাখালী এলাকায় দুই ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাদের থামিয়ে তল্লাশি চালানো হলে নগদ ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, বাংলাদেশ থেকে সার ও ভোজ্যতেল মিয়ানমারে পাচার করে ওই অর্থ নিয়ে দেশে ফিরছিলেন। পরে আরও তল্লাশি চালানো হলেও তাদের কাছ থেকে অন্য কোনো অবৈধ পণ্য উদ্ধার হয়নি।

বিজিবি জানিয়েছে, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তি বা চক্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পাচার ঠেকাতে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box