
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কথিত ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে এবার মুখ খুলেছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী। ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি কড়া ভাষায় সমালোচনা করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে তাহেরী বলেন, ভিডিও প্রকাশের আগে যাদের আচরণ এক রকম, ধরা পড়ার পর তারা ভিন্ন ব্যাখ্যা দেন। এ ধরনের ঘটনাকে তিনি ‘বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেন।
তিনি বলেন, “ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ—এগুলো গ্রহণযোগ্য নয়।” একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির তৈরি বলে দাবি করার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
তাহেরীর ভাষ্য, কোনো বিতর্কিত ঘটনা সামনে এলে সেটিকে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি বলে চালিয়ে দেওয়া কিংবা পরে দ্বিতীয় বিয়ের ব্যাখ্যা দেওয়া—এসব বিষয়ে সত্যতা যাচাই হওয়া প্রয়োজন। এজন্য প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান তিনি।
বক্তব্যে তিনি আরও বলেন, “সঠিক তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা হোক। মিথ্যাবাদী ও ভণ্ডদের মুখোশ উন্মোচনের এটাই উপযুক্ত সময়।”
ধর্মীয় মূল্যবোধের প্রসঙ্গ টেনে তাহেরী অভিযোগ করেন, কিছু মানুষ প্রকাশ্যে ইসলাম ও নৈতিকতার কথা বললেও ব্যক্তিগত জীবনে তার প্রতিফলন দেখা যায় না। তার দাবি, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের আড়ালে ভিন্ন আচরণ গ্রহণযোগ্য হতে পারে না।
এ সময় নির্বাচনী প্রচারণার একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, কেউ যদি প্রকাশ্যে পর্দা ও ধর্মীয় অনুশাসনের কথা বলেন, তাহলে ব্যক্তিগত জীবনেও সেই আদর্শের প্রতিফলন থাকা উচিত।
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গাজী নজরুল ইসলামের কথিত ব্যক্তিগত ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওটির সত্যতা, প্রেক্ষাপট ও এআই প্রযুক্তি ব্যবহারের দাবি নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্তের ফল এখনো প্রকাশ করা হয়নি।





মন্তব্য করুন