শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ভুয়া ডিও পত্র, সতর্কতা জারি সংসদ সচিবালয়ের

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ভুয়া ডিও পত্র, সতর্কতা জারি সংসদ সচিবালয়ের

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, সরকারি লোগো, দাপ্তরিক প্যাড ও স্মারক নম্বর জাল করে ভুয়া ডিও (ডেমি-অফিশিয়াল) পত্র তৈরি এবং তা বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে ব্যবহার করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টার ঘটনা সামনে এসেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর কঠোর সতর্কতা জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়।

সোমবার (২৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে সংসদ সচিবালয় জানায়, প্রচারিত ও বিভিন্ন দপ্তরে জমা দেওয়া ওই ডিও পত্রটি জাতীয় সংসদ থেকে ইস্যু করা হয়নি। ফলে পত্রটির সঙ্গে সংসদ সচিবালয়ের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রের অন্যতম সাংবিধানিক প্রতিষ্ঠান জাতীয় সংসদের নাম, সরকারি লোগো, অফিসিয়াল প্যাড, স্বাক্ষর কিংবা স্মারক নম্বর জাল করে ব্যবহার করা গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং আইন অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ।

সংসদ সচিবালয় জানিয়েছে, ঘটনার বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় সংসদের নামে কোনো ডিও বা সরকারি পত্র প্রাপ্ত হলে সেটির সত্যতা যাচাই না করে কোনো ধরনের কার্যক্রম গ্রহণ করা উচিত নয়। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত শাখার সঙ্গে সরাসরি যোগাযোগ করে পত্রের সত্যতা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সাধারণ জনগণকে ভুয়া সরকারি নথি ও জালিয়াতি সংক্রান্ত এমন প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box