
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জুলাই অভ্যুত্থান হঠাৎ করে হয়নি; এর ভিত্তি তৈরি করেছে বিএনপির টানা ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম। তিনি বলেন, অভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে দাবি করার সুযোগ নেই।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, বিরোধী দল অতীতের বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিল না, অথচ এখন এককভাবে আন্দোলনের কৃতিত্ব দাবি করছে। তিনি দাবি করেন, বিএনপি দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে এসেছে, যার ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার মাত্র পাঁচ মাস দায়িত্বে রয়েছে। আগের সরকারের দীর্ঘদিনের দুর্নীতি ও লুটপাটের প্রভাব কাটিয়ে উঠতে সময় লাগবে। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন বলেও উল্লেখ করেন তিনি।
সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, বিএনপি ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করে। একই সঙ্গে তিনি জামায়াত নেতৃত্বাধীন জোটে ভাঙনের কথাও উল্লেখ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।





মন্তব্য করুন