
প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রাজধানীর গুলশান থানায় দায়ের করা এ মামলায় বুধবার (২৬ আগস্ট) তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত শুনানি শেষে বিদিশাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তুজা ইবনে ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সাজা পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গুলশান-২ নম্বরের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার তাঁকে আদালতে হাজির করা হলে তাঁর পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ২০ মে এ মামলায় বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, রাজধানীর একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি করেন এক ব্যবসায়ী। দীর্ঘদিন বিচারিক কার্যক্রম শেষে মামলাটিতে বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়।
সাজা ঘোষণার পর আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





মন্তব্য করুন