
অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশের বিভিন্ন শাখার নেতাকর্মীরা।
নিসচার পক্ষ থেকে জানানো হয়েছে, লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন জীবিত ও সুস্থ আছেন। তাঁর মৃত্যুর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে সংগঠনটি।
নিসচার নেতারা বলেন, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর মতো স্পর্শকাতর তথ্য ছড়িয়ে পড়ায় তাঁর পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।
সংগঠনটির নেতৃবৃন্দের মতে, কোনো ব্যক্তির মৃত্যুসংবাদ প্রকাশের আগে পরিবারের সদস্য, স্বজন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কিংবা নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে তথ্য নিশ্চিত করা জরুরি। যাচাই ছাড়া জীবিত কাউকে মৃত ঘোষণা করা দায়িত্বশীল সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতির পরিপন্থী বলেও মন্তব্য করেন তাঁরা।
নিসচার মহাসচিব লিটন এরশাদ বলেন, দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতা কখনোই সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প হতে পারে না। বিশেষ করে মৃত্যু, দুর্ঘটনা কিংবা অসুস্থতার মতো সংবেদনশীল বিষয়ে যাচাইহীন তথ্য প্রকাশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, ইলিয়াস কাঞ্চন শুধু একজন জনপ্রিয় অভিনেতা নন; দীর্ঘদিন ধরে তিনি দেশের সড়ক নিরাপত্তা আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁকে নিয়ে মিথ্যা মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি হতে পারে।
নিসচার কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশের প্রায় ১২০টি শাখার নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি অনুরোধ জানিয়েছেন, ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর বিষয়ে ছড়িয়ে পড়া কোনো তথ্য যাচাই ছাড়া শেয়ার না করতে। নির্ভরযোগ্য সূত্রে তথ্য নিশ্চিত হওয়ার পরই এ ধরনের সংবাদ প্রকাশ বা প্রচারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
একই সঙ্গে ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজবের সূত্র শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নিসচা। ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করা হয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সবশেষে ইলিয়াস কাঞ্চনের সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে নিসচা। সংগঠনটির নেতারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে গুজবের পরিবর্তে যাচাই করা তথ্য ও সত্য সংবাদই গুরুত্ব পাওয়া উচিত।





মন্তব্য করুন