
অনলাইন ডেস্ক: নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খালেদ উজ্জামানের সঙ্গে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের পরিচিতি ও বিশ্ববিদ্যালয়-গণমাধ্যম সহযোগিতা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের টিটিসি কনফারেন্স রুমে এ সভা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সভাটির আয়োজন করে। দপ্তরের টিচার ইনচার্জ ড. সাদ্দাম হুসাইন সভা সঞ্চালনা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ইমদাদুল হক উপস্থিত ছিলেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষা, গবেষণা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সুশাসন প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের সঙ্গে কার্যকর ও ইতিবাচক অংশীদারিত্ব গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের চলমান অবকাঠামোগত কাজের অগ্রগতি, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, অতীতে বিশ্ববিদ্যালয়ে হওয়া বিভিন্ন প্রশ্নবিদ্ধ নিয়োগ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বক্তব্য দেন। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি সার্বিক উন্নয়ন ও শিক্ষা পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের সুচিন্তিত মতামত ও সহযোগিতা কামনা করেন।
উন্মুক্ত আলোচনা পর্বে সাংবাদিকরা বক্তব্য দেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক নিয়ে উপাচার্যকে অবহিত করেন। বক্তব্য দেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা সংবাদদাতা মো. তানভীর হায়াত খান, বাংলাদেশ প্রতিদিন ও সময় টিভির জেলা প্রতিনিধি আলপনা বেগম, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শ্যামলেন্দু পাল, দৈনিক ইনকিলাবের সাংবাদিক এ কে এম আবদুল্লাহ, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি রানা আকন্দ, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি জাহিদ হাসান, এনটিভির জেলা প্রতিনিধি ভজন দাস এবং দৈনিক আমার সংবাদের সাংবাদিক গোলাম কিবরিয়াসহ অনেকে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন