
অনলাইন ডেস্ক: মাদারীপুরে ‘সুস্বাস্থ্যই কর্মচঞ্চলতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিনামূল্যে চোখের ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচির আওতায় এ ক্যাম্প আয়োজন করা হয়।
জেলা প্রশাসন, মাদারীপুর ও ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল, রাজৈর, মাদারীপুরের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সহযোগিতা করে সাইটসেভার্স।
ক্যাম্পের উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর জেলা প্রশাসক নিজেও ক্যাম্পে চক্ষু পরীক্ষা করান এবং বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
ক্যাম্পে বিভিন্ন বয়সী মানুষের চোখ পরীক্ষা করে ছানি রয়েছে কি না তা বাছাই করা হয়। প্রয়োজন অনুযায়ী চিকিৎসকদের পরামর্শ এবং পরবর্তী চিকিৎসা গ্রহণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
আয়োজকরা জানান, সময়মতো শনাক্ত ও চিকিৎসা না হলে চোখের ছানির কারণে দৃষ্টিশক্তি কমে যেতে পারে। সাধারণ মানুষের মধ্যে চোখের রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে ছানি শনাক্তে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ।
বিনামূল্যের এ ক্যাম্পে সেবা নিতে আসা মানুষের মধ্যে আগ্রহ দেখা যায়। সংশ্লিষ্টদের মতে, বিশেষ করে বয়স্ক ও নিম্নআয়ের মানুষের জন্য এ ধরনের উদ্যোগ সহায়ক।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন