শনিবার, ৭ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামে আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি

কুড়িগ্রামের ৯টি উপজেলায় ৫৬৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামে আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি

অনলাইন ডেস্ক: কুড়িগ্রামে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি হয়। এ বছর জেলার ৯টি উপজেলায় মোট ৫৬৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে।

সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। তিনি বলেন, দুর্গাপূজা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি অসাম্প্রদায়িক ঐতিহ্য ও সম্প্রীতির উৎসব। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য জেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নজরদারি থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে প্রতিটি মণ্ডপে মনিটরিং টিম কাজ করবে। গুজব বা উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলেও তিনি জানান।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, এনএসআইয়ের উপ পরিচালক আনিসুর রহমান এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বেনজির হোসেন বক্তব্য দেন।

সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, সিনিয়র সাংবাদিক আশরাফুল হক রুবেল ও আরিফুল ইসলাম রিগ্যান। বক্তারা বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’ নীতিতে জেলার রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরের মানুষ পূজা উদযাপনে সহযোগিতা করবেন।

পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়েনের ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box