
অনলাইন ডেস্ক: গাজীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্নের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ জন্য জেলা ও পুলিশ প্রশাসন যৌথভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে।
বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল অডিটোরিয়ামে আয়োজিত সভায় সার্বিক আইন-শৃঙ্খলা সুরক্ষা এবং পূজামণ্ডপগুলোর সার্বক্ষণিক নিরাপত্তা জোরদারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা কৌশল ও মাঠপর্যায়ের প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
সভায় গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)-সহ জেলা ও মহানগর পুলিশের আওতাধীন বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন। তারা পূজাকেন্দ্রিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন।
পূজা উদযাপন কমিটির শীর্ষ প্রতিনিধিরা স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে মতামত জানান।
পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সর্বস্তরের মানুষের সহযোগিতায় এবারও সম্প্রীতিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করা সম্ভব হবে। আয়োজক কমিটির পক্ষ থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়।
সভায় জেলা ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জেলার বিভিন্ন পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি এবং সংবাদমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন