
অনলাইন ডেস্ক: রাজশাহীতে ৪৮৯টি দুর্গাপূজা মণ্ডপের জন্য ২৮৯ টন চাল বরাদ্দ করেছে সরকার। বরাদ্দের চাল ইতিমধ্যে জেলায় পৌঁছেছে এবং এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে মণ্ডপ কর্তৃপক্ষের মধ্যে বিতরণ করা হবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে রাজশাহী শহরে ৮৫টি এবং নয়টি উপজেলায় ৪০৪টি মণ্ডপ রয়েছে।
জেলা ত্রাণ কার্যালয়ের তথ্যমতে, গত বছরের তুলনায় এ বছর মণ্ডপের সংখ্যা ১৭টি বেড়েছে। গত বছর মণ্ডপের সংখ্যা ছিল ৪৭২টি।
সবচেয়ে বেশি ৮৬টি মণ্ডপ রয়েছে বাগমারা উপজেলায়। তানোরে ৫৯টি, পুঠিয়ায় ৫৫টি, বাঘায় ৪৮টি, গোদাগাড়ী ও চারঘাটে ৪২টি করে, মোহনপুরে ২৫টি, দূর্গাপুরে ২৪টি এবং পবায় ২৩টি মণ্ডপ রয়েছে।
উৎসব ঘিরে নিরাপত্তা ব্যবস্থা
পাঁচ দিনব্যাপী দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা শিল্পীরা দুর্গা প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজে ব্যস্ত সময় পার করছেন। আগামী ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে উৎসব শুরু হবে এবং ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে।
উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলা ও মহানগর প্রশাসন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির জানান, মহানগর এলাকার ১০৯টি মণ্ডপে ইউনিফর্মধারী ও সাদা পোশাকের পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে। প্রতিমা তৈরির স্থানগুলোতেও সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন