শনিবার, ৭ নভেম্বর ২০২৬

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করছে: ড. মঈন খান

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করছে: ড. মঈন খান

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। শিশুদের জন্য কাজ করা মানে দেশের ভবিষ্যতের জন্য কাজ করা। আজকের শিশুরাই আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নেবে।

বুধবার সকালে ঢাকার বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস ২০২৬ ও একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘শিশুর স্বপ্নে ৫০ বছর: অর্জনে অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, আজকের শিশুরাই ভবিষ্যতে দেশের পূর্ণ নাগরিক হয়ে দেশকে গড়ে তুলবে। তাদের সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব শিশুদের পাশাপাশি বর্তমান প্রজন্মের বয়স্কদেরও রয়েছে।

শিশুদের উদ্দেশে তিনি বলেন, তারা সঠিকভাবে গড়ে উঠতে ব্যর্থ হলে এর দায় বড়দের ওপর বর্তাবে। দেশকে ভালোবাসলে বাংলাদেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

শিশুদের অধিকার প্রসঙ্গে মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ১৯৭৬ সালেই জিয়াউর রহমান শিশুদের অধিকার নিশ্চিত করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ দেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন।

বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তিকে শিশুদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করে ড. মঈন খান বলেন, অনুষ্ঠানে উপস্থিত শিশুরা বাংলাদেশের শিশু অধিকার প্রতিষ্ঠার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হয়েছে। এই অভিজ্ঞতা তাদের দীর্ঘদিন মনে রাখা উচিত।

তিনি শিশুদের ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে উঠে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এ সময় দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করার কথাও বলেন তিনি।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার এবং শিশু একাডেমির মহাপরিচালক আরজু আরা বেগম উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box