
অনলাইন ডেস্ক: ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে বুয়েনস আয়ার্সে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছেন ফুটবল তারকা লিওনেল মেসি। আবেগঘন এই বিদায়ী ম্যাচে ৮৫ হাজার দর্শকের সামনে মেসির ১২৬তম আন্তর্জাতিক গোলের দিনে আর্জেন্টিনা ৩-০ গোলে বেনিনকে হারিয়েছে।
রেকর্ড ২০৮তম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামা মেসি ম্যাচের প্রথম গোলটি করাতে সহায়তা করেন নিকোলাস ওটামেন্দিকে। আরেকটি গোল করেন নিকো পাজ। মেসি ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে তোলেন।
‘দ্য লাস্ট ট্যাঙ্গো’ নামে পরিচিত এই আয়োজনে মনুমেন্টাল স্টেডিয়ামের দর্শকেরা শেষবারের মতো মেসিকে ভালোবাসা ও সম্মান জানান। ম্যাচের ১০ মিনিটে তার ১০ নম্বর জার্সির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট খেলা বন্ধ রেখে করতালি দেওয়া হয়।
ম্যাচ শেষে সমর্থকদের উদ্দেশে মেসি বলেন, ২০ বছরেরও বেশি সময় আর্জেন্টিনার জার্সি রক্ষা করতে পারা তার জন্য গর্বের। জাতীয় দলের হয়ে আর মাঠে না নামা কষ্টদায়ক হবে বলেও জানান তিনি। তবে অবসর নেওয়ার সিদ্ধান্তকে সঠিক সময় হিসেবে উল্লেখ করেন মেসি।
এর আগে চোখের পানি মুছতে মুছতে স্টেডিয়ামে যান মেসি। তিন সন্তানকে সঙ্গে নিয়ে মাঠে প্রবেশ করেন তিনি। ভিআইপি বক্স থেকে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও মা সেলিয়া কুচ্চিত্তিনি তাকে শুভেচ্ছা জানান। স্টেডিয়ামে মেসির ১০ নম্বর জার্সির ওপর ‘Gracias’ লেখা বিশাল আর্জেন্টিনার জার্সি প্রদর্শন করা হয়।
শেষ বাঁশির পর ড্রোন শোতে আকাশে মেসির ছবি ভেসে ওঠে। এর আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সদর দপ্তরে বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট দেয়।
আর্জেন্টিনার হয়ে মেসি ২০২২ বিশ্বকাপ জিতেছেন। এ ছাড়া ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপা জেতে দলটি। আন্তর্জাতিক বিদায় তার সবচেয়ে বড় সাফল্যের চার বছর পর এলো।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন